সাইবার নিরাপত্তার পথ খুঁজতে আহ্বান জানালেন বিটিআরসি মহাপরিচালক
প্রযুক্তিময় জীবনের নিরাপত্তার জন্য পথ খুঁজে বের করতে দেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থী এবং সাইবার গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইকনসিএস-২০২০)’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিটিআরসির বলেন, ইন্টারননেট এবং কম্পিউটার ছাড়া আমাদের জীবন এখন কল্পনাও করা যায় না। আমরা সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর জীবনে প্রবেশ করেছি। সারা পৃথিবীর মানুষ এখন প্রবেশ করেছে জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগে। একইসঙ্গে আমরা প্রবেশ করেছি প্রযুক্তির নিরাপত্তা হুমকির মধ্যেও। সুতরাং আমাদেরকে প্রযুক্তিময় জীবনের নিরাপত্তার জন্য পথ আবিষ্কার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি, মেশিন লার্নিং, ডেটা মাইনিং, বিগ ডেটা, ব্লক চেইন ইত্যাদি আমাদের জীবনকে আমূল বদলে দিয়েছে। এখন আমাদের দরকার সাইবার সচেতনতা। তা না হলে প্রযুক্তি আমাদের জীবনকে দুর্বিসহ করে তুলবে। এসময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান এমন একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার জন্য।